খালেদার জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন বিশেষ জজ আদালত। এ মামলায় সাক্ষীকে আবারও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই মামলার পরবর্তী শুনানি ৫ মে তারিখ ধার্য করা হয়েছে। 

আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। এর আগে খালেদা জিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। পরে এ দুই মামলার অন্যান্য আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতের চত্বরে পৌঁছান খালেদা জিয়া। সকাল নয়টা ৫৫ মিনিটের দিকে গুলশানের নিজ কার্যালয় থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এরপর অসংখ্যবার মামলা দুটির শুনানির তারিখ পিছিয়ে ইতিমধ্যে কয়েক বছর পার হয়েছে। গত ১৯ মার্চ অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণও পিছিয়েছে কয়েক দফা। সর্বশেষ গত বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজির হয়েছিলেন। এর পর কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আদালতে যেতে পারেননি খালেদা জিয়া। গত ২৪ ডিসেম্বর যখন তিনি আদালতে গিয়েছিলেন, তখন পথে তাঁর গাড়িবহরে হামলা হয়েছিল।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাস ধরে গুলশানের নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। এই সময়ের মধ্যে তিনি ওই কার্যালয় থেকে বের হননি, মামলার শুনানি হলেও তিনি হাজিরা দেননি।

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতে পৌঁছান খালেদা জিয়া। ছবিটি রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতে পৌঁছান খালেদা জিয়া। ছবিটি রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

আইনজীবীদের বক্তব্য

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘আজকের শুনানিতে দুটি মামলায় খালেদা জিয়ার নিয়মিত জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত সব কিছু শুনে মামলার পরবর্তী শুনানির তারিখ ২৬ এপ্রিল নির্ধারণ করেছিলেন। কিন্তু আমরা বলেছি, ওই সময় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত থাকব। পরে আদালত ৫ মে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।’

ওই দিন কী বিষয়ে শুনানি হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অভিযোগপত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব অভিযোগ করেছে, এর কিছু কাগজপত্র এখনো আমাদের নেওয়া বাকি আছে। আদালত দুদককে ৫ মের মধ্যে সেসব কাগজপত্র আমাদের দিতে বলেছেন।’

খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অপর দুই আসামি সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক এবং ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ এ দুজনের জামিনের আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘তাঁরা (আসামিপক্ষের আইনজীবীরা) জামিনের জন্য যে দুটি আবেদন করেন, ওই আবেদনের দরখাস্তে তাঁরা বলেন, ‘অবৈধভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে’। আমরা এর প্রতিবাদ করি। পরে অবৈধভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির লাইনটি কেটে দেওয়া হয়। আদালত সব কিছু বিবেচনা করে খালেদা জিয়ার দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ মে ধার্য করেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘যে কাগজপত্রগুলো তাঁরা চেয়েছেন, তা তাঁদের আগেই নেওয়া উচিত ছিল। কিন্তু তাঁরা নেননি।’

আরও জানতে পড়ুন: