
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। এ মামলায় খালেদার জামিনের মেয়াদ কাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়াতে খালেদার আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মেয়াদ বাড়ালেন।
এদিকে সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর হাইকোর্টের একই বেঞ্চে আজ নবম দিনের মতো শুনানি হয়। এদিন শুনানি নিয়ে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় ১২ জুলাই হাইকোর্টে এই আপিলের ওপর শুনানি শুরু হয়।
আজ আপিলের ওপর খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজাক খান শুনানি করেন। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘এদিন শুনানিতে আপিলকারীর আইনজীবীরা পেপারবুক থেকে মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদের (দুদকের ৩১ নম্বর সাক্ষী) জেরার অংশবিশেষ পড়ে শোনান। শুনানিতে অংশ নিয়ে পেপারবুক থেকে চারজন ব্যাংক কর্মকর্তার জবানবন্দি ও জেরা পড়ে শুনিয়েছি। আপিলকারীপক্ষের আইনজীবীর সময় আরজির পরিপ্রেক্ষিতে আদালত রোববার সকাল সাড়ে দশটা পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। এই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মার্চ হাইকোর্ট থেকে চার মাসের জামিন পান তিনি, যা আপিল বিভাগে বহাল থাকে। এই জামিনের মেয়াদ বাড়াতে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেন। এর আগে ১৮ জুলাই ওই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তাঁর আইনজীবীরা আরজি জানালে হাইকোর্ট ২৬ জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান। তবে অন্য মামলা থাকায় তিনি কারামুক্তি পাননি।