খালেদার দুই আবেদনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া l ফাইল ছবি
খালেদা জিয়া l ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা দুটি আবেদনের শুনানি পিছিয়েছে। ১২ মার্চ আবেদন দুটি কার্যতালিকায় আসবে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
এ দুটি মামলার বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে গত ২৮ জানুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। আবেদন দুটি গত সোমবার আদালতে উপস্থাপন করেন খালেদার আইনজীবী। ওই দিন আদালত বলেন, ৫ মার্চ (আজ) আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। ইতিমধ্যে ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আদালত পরিবর্তন চেয়ে করা ওই আবেদন দুটিতে খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আরজি জানিয়ে সম্পূরক আবেদন জমা দেন তাঁর আইনজীবীরা। আজ আদালত স্থানান্তরের আবেদন দুটি কার্যতালিকার ১৬ ও ১৭ নম্বর ক্রমিকে আসে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। আর দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে জানান, আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন দুটি কার্যতালিকা অনুসারে শুনানির জন্য উপস্থাপন করা হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার বিষয়ে শুনানি হয়নি। আদালত বলেন, আগামী বৃহস্পতিবার ওই দুটি আবেদন শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে থাকবে।