খালেদার দুই দুর্নীতি মামলার শুনানির নতুন তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা পৃথক দুটি দুর্নীতি মামলার শুনানি গতকাল রোববার হয়নি। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক দুটি আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি-সংক্রান্ত মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল।এ ছাড়া ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।দুটি মামলায় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। শুনানি শেষে যথাক্রমে জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক ৩১ মে এবং বিশেষ জজ মোজাম্মেল হোসেন আগামী ১৪ জুলাই পর্যন্ত শুনানির কার্যক্রম মুলতবি করেন।গতকাল রোববার ছিল বিএনপির ডাকা টানা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জমি কেনা নিয়ে অনিয়মের অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়েছিল। জমির দামের অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়। এর কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।