খালেদার দুই মামলা অস্থায়ী আদালতে
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম চলবে ঢাকার বকশি বাজারের অস্থায়ী আদালতে। আজ বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুটি মামলাসহ মোট তিনটি মামলার কার্যক্রম মেট্রোপলিটন দায়রা জজ আদালতের পরিবর্তে আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে স্থাপিত আদালতে অনুষ্ঠিত হবে।
ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত ভবনে অবস্থিত আদালতে অনেক মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়। ফলে এই ভবন ও এলাকাটি আদালত চলাকালে জনাকীর্ণ থাকে। তাই নিরাপত্তাজনিত কারণে সরকার এই তিন মামলা পরিচালনার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করেছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত ৩০ এপ্রিল এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশের গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।