খালেদার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি আবার পিছিয়েছেন আদালত। ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ তারিখ ধার্য করেন।
আজ মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। কিন্তু বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ হাজির হননি খালেদা জিয়া। তাঁর পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, এই আদালতের বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর শুনানি চলছে। সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় প্রয়োজন।
এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন। তিনি আদালতকে বলেন, আসামিপক্ষ একই বিষয়ে ইতিপূর্বে একাধিকবার সময় নিয়েছেন। উচ্চ আদালত মামলার কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। তাই সাক্ষ্য গ্রহণ করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
মামলা: জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলায় হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক। ২০১২ সালের ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
গত ১৯ মার্চ খালেদা জিয়ার উপস্থিতিতে মামলা দুটিতে অভিযোগ গঠন করা হয়।
এ দুটিসহ খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ১৭টি ও ছোট ছেলে আরাফাত রহমানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এ ছাড়া তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও স্বামীর সঙ্গে দুদকের একটি মামলার আসামি।