খালেদার দুজন উপদেষ্টাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়জন আমেরিকান কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টা এবং বৈদেশিকবিষয়ক বিশেষ দূতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন মজিবুর রহমান মজুমদার ও জাহিদ এফ সর্দার সাদী। মজিবুর যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এসব কথা জানান।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রবল আন্দোলনের মুখে সরকার দিশেহারা হয়ে অত্যাচার-নির্যাতনের পাশাপাশি আন্দোলনের কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করতে নানা রকম কূটকৌশলের আশ্রয় নিয়েছে। এরই অংশ হিসেবে তারা বিএনপির বিরুদ্ধে বিরামহীন অপপ্রচার চালাচ্ছে।
সাদেক হোসেন খোকা বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের মতো আমরাও গণমাধ্যমের সূত্রে বাংলাদেশের চলমান পরিস্থিতির বিষয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের একটি তথাকথিত বিবৃতির খবর জানতে পারি। পরক্ষণে আবার সংবাদমাধ্যমের খবরেই জানা যায়, বিবৃতিটি সঠিক নয়। এটি ছিল ব্যক্তিবিশেষের রহস্যময় তৎপরতার ফসল। নিন্দনীয় এ ঘটনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুজন প্রবাসী প্রতিনিধির সম্পৃক্ততার তথ্য জানাজানি হওয়ার পরিপ্রেক্ষিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে তাঁদের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। সে অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
খোকা বলেন, ‘আমরা খুঁজে দেখার চেষ্টা করছি, মার্কিন কংগ্রেস সদস্যদের কথিত বিবৃতি জালিয়াতির এ ঘটনায় এই দুই ব্যক্তি সরকারের কোনো ষড়যন্ত্রের অংশীদার হয়েছেন কি না।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, দেশে যে অবস্থা বিরাজ করছে, তা কোনোভাবেই সুখকর নয়। প্রধানমন্ত্রী কীভাবে এমন নির্জলা মিথ্যা কথা বলে যাচ্ছেন। তারেক রহমান ও খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করে প্রধানমন্ত্রী তাঁর পদকেই কলঙ্কিত করছেন।
যুক্তরাষ্ট্রে জেরার মুখে বিএনপি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ চেয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে স্মারকলিপি দিতে গিয়ে ভুয়া বিবৃতি নিয়ে কংগ্রেস সদস্যদের জেরার মুখে পড়তে হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের। বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন বিএনপির যুক্তরাষ্ট্র কমিটির সাবেক কোষাধ্যক্ষ জসীমউদ্দিন ভুঁইয়া। তিনি বলেন, কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ক্যাপিটল হিলের কর্মকর্তারা তাঁদের নানা প্রশ্ন করেন। এর জবাবে তাঁরা ওই জালিয়াতির নিন্দা করেছেন জানিয়ে মার্কিন কর্মকর্তাদের বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারের লোকজন এসব কাজ করছে। এই অপকর্মকারীদের বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নিয়েছেন।
পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কের প্রধান গিলবার্ট মর্টন বিএনপির স্মারকলিপিটি গ্রহণ করেন। প্রতিনিধি পরিষদে বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান এড রয়েসের কার্যালয়ে স্মারকলিপি নেন তাঁর ব্যক্তিগত সহকারী। একইভাবে সিনেটে বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর বব কোরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘তামাশার এক প্রকৃষ্ট উদাহরণ’ হিসেবে অভিহিত করে বলা হয়, বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ ওই নির্বাচনে অংশ নেয়নি। বলা হয়, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে তার রাজনৈতিক প্রতিপক্ষকে ক্রসফায়ারে দিচ্ছে অথবা গুম করছে। বিএনপিসহ বিরোধী দলের ৫০ সহস্রাধিক নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে।’