জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে খালেদার দুটি আবেদন নাকচ হওয়ার বিরুদ্ধে হাইকোর্টে করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার হতে পারে।
এর আগে ১৭ এপ্রিল এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপত্তি এবং তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য পুনরায় তলবের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে এ তথ্য জানান।
আজ মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে খালেদার করা আবেদন দুটি দাখিল করা হলে আগামীকাল বিষয়টি তালিকায় আসতে পারে বলে জানান দুদক আইনজীবী।
গত সোমবার বিচারিক আদালতে খালেদা জিয়ার খারিজ আবেদনের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার রিভিশন জমা দেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এর আগে গত রোববার খালেদা জিয়ার করা ঢাকার বিশেষ জজ-৩-এর আদালতে খালেদার করা দুটি আবেদন নাকচ করে দিয়ে ২৫ এপ্রিল খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন করেন আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা কার্যক্রম স্থগিত চেয়ে রিভিশন করেছেন খালেদা জিয়া।