খালেদার দুর্নীতির দুই মামলার শুনানি ১৩ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ১৩ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্যও একই তারিখ ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান এই দিন ধার্য করেন। খালেদা জিয়া আজ আদালতে হাজির ছিলেন না। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রয়েছে।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর অস্থায়ী বিশেষ এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলার বিচারকাজ চলছে। এ দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।