খালেদার দুর্নীতির দুই মামলায় পরবর্তী শুনানি ৩ আগস্ট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় পরবর্তী শুনানি ৩ আগস্ট ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়া আজ আদালতে উপস্থিতি ছিলেন।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে।
আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে আংশিক জেরা করা হয়। আসামির পক্ষে জেরা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অসমাপ্ত জেরার জন্য আগামী ৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী শুনানিও একই তারিখে ধার্য করা হয়েছে।
দুর্নীতির দুই মামলায় আজ খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সকাল সোয়া ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি।
এর আগে গত ১৮ জুন এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক শুনানির পরবর্তী তারিখ আজ ২৩ জুলাই নির্ধারণ করেন।