খালেদার দুর্নীতির মামলার পরবর্তী তারিখ ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের তারিখ ১০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে চারজন সাক্ষীকে আসামিপক্ষের জেরা ও নতুন এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ তারিখ ধার্য করেন।
উচ্চ আদালতে লিভ টু আপিল থাকায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখেছেন আদালত।
খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন। অসুস্থ থাকায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন আদালত। এরপরই বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা জিয়া এস সালাউদ্দিন, দুর্নীতি দমন কমিশন (দুদক) কনস্টেবল মনজুরুল হক ও সিরাজুদ্দিনকে জেরা করা শেষ হয়েছে। শেষের দুজন এর আগে সাক্ষী দিয়েছেন।
আজ দুদকের সহকারী পরিচালক নাজমুল হাসান সাক্ষ্য দিয়েছেন। এরপরই আদালত ১০ ডিসেম্বর পরবর্তী সাক্ষীকে জেরার তারিখ ধার্য করেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট নয়জনের বিরুদ্ধে মামলা দুটির অভিযোগ গঠন করা হয়।