খালেদার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গাড়িবহরে তাঁর ব্যক্তিগত রক্ষীদের (সিএসএফ) গাড়ি থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ওই স্থানে খালেদা জিয়া তাঁর গাড়িতে বসে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারাও সেখানে ছিলেন। এর আগে পুলিশের সঙ্গে সিএসএফের কিছু সদস্যের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ দেয়। পুলিশের কয়েকজন কর্মকর্তা অস্ত্র উঁচিয়ে সিএসএফের সদস্যদের গুলি করারও হুমকি দেন। পুলিশের সঙ্গে হাতাহাতিতে সিএসএফের দুই সদস্য মজিদ ও এনাব লাঞ্ছিত হন। এনামের কাপড় ছিঁড়ে ফেলে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে রাত ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। অসুস্থ রিজভী কয়েক দিন ধরে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। রিজভীকে কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি হাসপাতালে নেওয়ার জন্য খালেদা জিয়ার উপস্থিতিতে সেখানে একটি অ্যাম্বুলেন্স আনা হয়। খালেদা জিয়া চেয়েছিলেন তাঁর সঙ্গে করে রিজভীকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বাইরে নিয়ে যেতে।
খালেদা জিয়া রাত ১১টা ১০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে আসেন। পুলিশ গাড়িগুলোকে সারিবদ্ধভাবে যাওয়ার পথ করে দিচ্ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহন করা গাড়িটি আগে যাবে, না সিএসএফের গাড়ি আগে যাবে—তা নিয়ে পুলিশের সঙ্গে সিএসএফের তর্ক শুরু হয়। পুলিশ ফখরুলের গাড়িটি আগে পাঠাতে চাইলে সিএসএফ বাধা দেয়। এ সময় পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান সেখানে এলে উত্তেজনার সৃষ্টি হয়। পল্টন থানার এক কর্মকর্তা তখন মেহেদি হাসানকে বলেন, গাড়িতে টুকু বসা। এরপর পুলিশ গাড়িটি আটকে দেয়। এ নিয়ে পুলিশ ও সিএসএফের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ গাড়ির কাচ ভেঙে দরজা খুলে টুকুকে আটক করে নিয়ে যায়। তবে গাড়ির চালককে মারধর করে ছেড়ে দেওয়া হয়।
প্রায় ২০ মিনিট এ অবস্থা চলে। এরপর খালেদা জিয়ার গাড়িবহর ছেড়ে দেওয়া হয়। খালেদা জিয়া সেখান থেকে গুলশানের বাসায় চলে যান।
মেহেদি হাসান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশের ওপর গাড়িটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ জন্য গাড়িটি আটকে রাখা হয়। টুকুকে আটকের কারণ সম্পর্কে বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। চালককে আটক না করার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, চালক পলাতক।