খালেদার নিরাপত্তায় আনসার চায় বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তায় আনসার চাওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা আবদুল মজিদ আনসার সদর দপ্তরে আবেদন করেছেন।
যোগাযোগ করা হলে গুলশান এলাকার আনসার-ভিডিপি কর্মকর্তা কাজী আহসানুল হক বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা আবদুল মজিদ কয়েক দিন আগে একটি আবেদন করেছেন। আনসার সদর দপ্তর বরাবর করা আবেদনটি আমাদের কাছে এসেছে।’
তবে এ বিষয়ে আবদুল মজিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত কর্মকর্তা ‘প্রথম আলো’কে জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে মূলত এই আবেদন করা হয়েছে। কারণ নতুন সংসদ গঠিত হলে বিএনপির চেয়ারপারসন আর বিরোধীদলীয় নেতার প্রটোকল পাবেন না। তখন আর পুলিশি নিরাপত্তা থাকবে না। তাই পুলিশের বিকল্প হিসেবে আনসারের নিরাপত্তা চাওয়া হয়েছে।
আজ বুধবার পর্যন্ত বিরোধীদলীয় নেতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রটোকল আছে। তবে তাঁর বাসভবন এলাকায় মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।