খালেদা জিয়ার প্রশ্রয়ে জামায়াত-শিবির সারা দেশে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি এ ব্যাপারে দেশের মুক্তিকামী সব মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ অভিযোগ করেন। সারা দেশে জামায়াত-শিবিরের গণতন্ত্রবিরোধী তাণ্ডবের প্রতিবাদে এই সমাবেশ করা হয়।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘ভারতে গিয়ে আপনি বলে এলেন, দেশে জঙ্গি সংগঠনকে সমর্থন দেবেন না। কিন্তু বাংলার মানুষকে কথা দিলেন না, সন্ত্রাসীদের লালন-পালন করবেন না।’ খালেদা জিয়ার প্রশ্রয়েই জামায়াত সারা দেশে তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কোনো বিবেকবান মানুষ জামায়াত-শিবিরের পক্ষে অবস্থান নিতে পারে না। তিনি খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে আসার আহ্বান জানান।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবি কোনো রাজনৈতিক দলের দাবি নয়। তরুণ প্রজন্মসহ দেশের মানুষ এ জন্য আমাদের ভোট দিয়েছে। এই বিচার জনগণের দাবি।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কিছুদিনের মধ্যে রায় দেওয়া শুরু হবে। তাই জামায়াত মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। এখন দেশের সব মুক্তিকামী মানুষকে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘গত তিন দিন পুলিশ অনেক ধৈর্য ধরেছে। কিন্তু আমি তাদের নির্দেশ দিয়েছি। তারা আর অন্যায় মানবে না।’ তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘যেখানেই জামায়াত-শিবিরের দুর্বৃত্তদের দেখবেন, সেখানেই তাদের ঘেরাও করে পুলিশে ধরিয়ে দেবেন।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোলাম আযমকে এ দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আর খালেদা জিয়া তাঁকে নাগরিকত্ব দিয়েছিলেন। তাই আজকে জামায়াত সারা দেশে তাণ্ডব চালাচ্ছে।’সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজি সেলিমসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।