খালেদার প্রস্তাব অবাস্তব সংবিধান পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিকল্প প্রস্তাবের সমালোচনা করেছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া হোমওয়ার্ক না করেই প্রস্তাব দিয়েছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই প্রস্তাব অবাস্তব। আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মনে করেন, এটা সংবিধান পরিপন্থী।

গতকাল মঙ্গলবার পৃথকভাবে তাঁরা এসব কথা বলেন। দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্যমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের যে প্রস্তাব দিয়েছেন, তা অবাস্তব ও অগ্রহণযোগ্য। এই প্রস্তাব সাংবিধানিক কাঠামোতে বাস্তবায়নযোগ্য নয়। তবে এই প্রস্তাব উত্থাপনের পরও সংলাপের পথ খোলা আছে। সমাধানযোগ্য সমঝোতার জায়গা আছে।

 একই সঙ্গে হাসানুল হক খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে তিনি এ বক্তব্য দিয়েছেন।

 হাসানুল হক বলেন, খালেদা জিয়া কার্যত দুই দলের অন্তর্বর্তীকালীন দলবাজির সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। কারণ, ১৯৯৬ ও ২০০১ সালের যে দুটি তত্ত্বাবধায়ক সরকারের কথা তিনি বলেছেন, তার গঠন, উপদেষ্টাদের ভূমিকা ও নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। ১৯৯৬ সালের নির্বাচনের পর খালেদা জিয়া বলেছিলেন, ‘সূক্ষ্ম কারচুপি নয়, এবার নির্বাচনে পুকুরচুরি করা হয়েছে।’ আর ২০০১ সালের নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন, ‘সালসা নির্বাচন।’

১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে টেনে হাসানুল হক দাবি করেন, বিরোধীদলীয় নেতা সেই বিতর্কিত উপদেষ্টাদের নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করছেন। ওই দুই সরকারের ২০ জন উপদেষ্টা থেকে সরকার মনোনীত পাঁচজন ও বিরোধী দল মনোনীত পাঁচজনের কথা বলে তিনি (খালেদা জিয়া) কার্যত অন্তর্বর্তীকালীন দলবাজির সরকারের কথা বলেছেন।

হাসানুল হক দাবি করেন, খালেদা জিয়া তাঁর বক্তব্যে যত্নবান ও মনোযোগী ছিলেন না। কারণ, ওই দুই তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টার মধ্যে দুজন ছিলেন দুই সরকারেই। বাকি থাকেন ১৮ জন। এর মধ্যে চারজন মারা গেছেন। বাকি দুজন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁরা যাবেন না। বাকি ১২ জনের মধ্যে অনেকে বয়সের ভারে ন্যুব্জ। তার মানে তিনি (খালেদা জিয়া) যেনতেনভাবে একটি প্রস্তাব দিয়েছেন, যা বাস্তবায়নযোগ্য নয়।  আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাব অবাস্তব। তিনি হোমওয়ার্ক না করে প্রস্তাবটি দিয়েছেন।

 গতকাল সীতাকুণ্ডের ছলিমপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের চারটি সেতু ও ২২৮টি কালভার্ট উদ্বোধন করতে গিয়ে এসব কথা।

দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থান গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আলাপ-আলোচনা করলে সংবিধান থেকেই সবাই সমঞ্চত হওয়ার মতো বিকল্প সমাধানের উপায় বের করা যাবে। একটু কঠিন হলেও তা অসম্ভব নয়। কাল (আজ বুধবার) থেকে সংসদ বসছে। তারা সংসদে এসে বলতে পারে তারা কী চায়।’

এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ নেই। কারণ, এটা সংবিধান পরিপন্থী। 

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগরের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এ কথা বলেন।