খালেদার প্রস্তাব অবাস্তব, সংলাপের পথ খোলা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের যে প্রস্তাব দিয়েছেন, তা অবাস্তব ও অগ্রহণযোগ্য। এই প্রস্তাব সাংবিধানিক কাঠামোতে বাস্তবায়নযোগ্য নয়। তবে এই প্রস্তাব উত্থাপনের পরও সংলাপের পথ খোলা আছে। সমাধানযোগ্য সমঝোতার জায়গা আছে। এ জন্য খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।’
আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু দাবি করেন, সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে তিনি এ বক্তব্য দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিয়ে যত রকমই প্রস্তাব আসুক, আমরা তা নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছি।’
গতকাল সোমবার বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাবের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া কার্যত দুই দলের অন্তর্বর্তী দলবাজির সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। কারণ ১৯৯৬ ও ২০০১ সালের যে দুটি তত্ত্বাবধায়ক সরকারের কথা তিনি বলেছেন, তার গঠন, উপদেষ্টাদের ভূমিকা ও নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। ১৯৯৬ সালের নির্বাচনের পর খালেদা জিয়া বলেছিলেন, ‘সূক্ষ্ম কারচুপি নয়, এবার নির্বাচনে পুকুরচুরি করা হয়েছে।’ আর ২০০১ সালের নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন, ‘সালসা নির্বাচন।’

১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে টেনে হাসানুল হক ইনু দাবি করেন, বিরোধীদলীয় নেতা সেই বিতর্কিত উপদেষ্টাদের নিরপেক্ষ হিসেবে চিহ্নিত করছেন। ওই দুই সরকারের ২০ জন উপদেষ্টা থেকে সরকার মনোনীত পাঁচজন ও বিরোধী দল মনোনীত পাঁচজনের কথা বলে তিনি (খালেদা জিয়া) কার্যত অন্তর্বর্তীকালীন দলবাজির সরকারের কথা বলেছেন।

তথ্যমন্ত্রী দাবি করেন, খালেদা জিয়া তাঁর বক্তব্যে যত্নবান ও মনোযোগী ছিলেন না। কারণ ওই দুই তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টার মধ্যে দুজন ছিলেন দুই সরকারেই। বাকি থাকে ১৮ জন। এর মধ্যে চারজন মারা গেছেন। বাকি দুজন বলেছেন, তাঁরা যাবেন না। বাকি ১২ জনের মধ্যে অনেকে বয়সের ভারে ন্যুব্জ। তার মানে তিনি (খালেদা জিয়া) যেনতেনভাবে একটি প্রস্তাব দিয়েছেন, যা বাস্তবায়নযোগ্য নয়।