বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্যকে অসম্ভব, অবান্তর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এই দাবি করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভূমিমন্ত্রী আমির হোসেন আমু। দলের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এই প্রতিক্রিয়া জানান তিনি।
আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি আসবে না, তাই বলে এ নির্বাচন প্রহসন হতে পারে না। ভবিষ্যতেও আ.লীগ নির্বাচনে না এলে প্রহসন হবে এমনটা মনে করি না। কেউ জেগে ঘুমালে আমরা তাদের জাগাতে পারি না।’ তিনি বলেন, খালেদা জিয়া যতই কর্মসূচি দিন না কেন নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে।
‘গ্রামেগঞ্জে বিরোধী দল একাত্তরের মতো প্রতিরোধ গড়ে তুলেছে’—খালেদা জিয়ার এমন বক্তব্যের বিষয়ে আমু বলেন, ‘খালেদা জিয়া ঠিকই বলেছেন। একাত্তরে এভাবে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল। তাঁর বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই।’
২৯ ডিসেম্বর বিএনপির কর্মসূচি প্রতিহত করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আমু বলেন, ‘এটা তাদের কর্মসূচি। এখানে প্রতিহত করার কথা আসছে কেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।