খালেদার বক্তব্য অসত্য ও মিথ্যাচারে ভরপুর: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যকে অসত্য ও মিথ্যাচারে ভরপুর বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন করতে হয়েছে। ওনাকে বার বার নির্বাচনে আসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু নির্বাচনে আসেননি।’ তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা হোক, এটাও তিনি (খালেদা জিয়া) চাননি। তিনি চেয়েছেন জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারের পতন ঘটাতে।
বিএনপির ঘোষিত কর্মসূচি পালনে সরকার বাধা দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কোনো আন্দোলনে বাধা দেবে না সরকার। কিন্তু তারা যদি অতীতের মতো আন্দোলন কর্মসূচির নামে নৈরাজ্য করতে চায়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দেওয়া প্রসঙ্গে হানিফ বলেন, ‘দেশের জনগণ ওনার সব আন্দোলন প্রত্যাখ্যান করেছেন। এখন হয়তো হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।’
এদিকে আজ সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ভেবেছিলাম খালেদা এত দিন ধরে ঘটে যাওয়া সহিংস কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তিনি সেটা না করে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করে অপরের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেছেন।’ তিনি বলেন, ‘তাদের নেতা-কর্মীরা সারা দেশে আন্দোলন ও নির্বাচন বন্ধের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করেছে। আমরা ভেবেছিলাম সেটার জন্য তিনি ক্ষমা চাইবেন। কিন্তু সেটি না করে বরং তিনি তা ঢাকার চেষ্টা করেছেন।’