খালেদার বক্তব্য ইতিবাচক: যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়েছে।

আজ সোমবার সংবাদ সম্মেলনে দেওয়া খালেদার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন স্বাগত জানান।

রবার্ট গিবসন খালেদা জিয়ার বক্তব্যের বিভিন্ন ইতিবাচক দিকের প্রশংসা করেন। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক সহযোগিতা এবং সহিংসতার বিরুদ্ধে খালেদার অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে খালেদার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন বরার্ট গিবসন। এ ছাড়া ব্যক্তিগত আক্রমণ ও অন্যর ওপর দোষ চাপানোর রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়ে যে অঙ্গীকার করেছেন তারও প্রশংসা করেন গিবসন।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করব তিনি (খালেদার) যেসব পরামর্শ রেখেছেন, তা সরকার বিবেচনা করবে। আর একটি অর্থবহ সংলাপের প্রক্রিয়া দ্রুত শুরু করবে, যার মধ্যে দিয়ে বাংলাদেশ এমন একটি নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হবে যে নির্বাচনটি হবে স্বচ্ছ, সব দলের অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য।’

এর আগে গতকাল এক বিবৃতিতে যুক্তরাজ্যে আশা প্রকাশ করেছিল সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর চলমান প্রয়াসকে বিঘ্নিত করবে না।