খালেদার বক্তব্য তাণ্ডবের পূর্বাভাস: বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণের জানমাল রক্ষার স্বার্থে কঠোর হাতে নৈরাজ্য দমন করতে বদ্ধপরিকর সরকার। ২৯ তারিখ ঢাকা শহরে সমাবেশের নামে কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্যের এক ঘণ্টার মধ্যে পুলিশের ওপর হামলা হয়েছে, পুলিশ মারা গেছে। এটি তাণ্ডবের পূর্বাভাস।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় মন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সভা-সমাবেশ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিরোধীদলীয় নেতা যেভাবে জাতীয় পতাকার দণ্ড হিসেবে লাঠি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, তাতে সহজেই অনুমান করা যায় বিএনপি সমাবেশের নামে সারা দেশের সন্ত্রাসীদের জড়ো করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে।
মন্ত্রী আরও বলেন, ‘এর আগে সমাবেশের নামে দেশবাসী ঢাকা শহরে তাণ্ডব প্রত্যক্ষ করেছে। কাজেই জনগণের জানমাল রক্ষার স্বার্থে ২৯ তারিখ এ ধরনের নৈরাজ্য কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর।’
বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে সারা দেশে ৫০ হাজার গাছ কাটা হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা শুধু জনগণের বিরুদ্ধে নয়, প্রকৃতির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। গবাদিপশুও তাদের হামলার হাত থেকে রক্ষা পায়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেখ জাহাঙ্গীর আলম, শাহে আলম মুরাদ, ইয়াহিয়া জামান, বলরাম পোদ্দার, অরুণ সরকার, জি এম আতিক প্রমুখ।