খালেদার বক্তব্য নিয়ে বিএনপির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার দেওয়া ভাষণের একটি অংশের বিকৃত ব্যাখ্যা করে ক্ষমতাসীন মহল অপপ্রচার ও বিভিন্ন মতলবি কার্যক্রম শুরু করেছে। বিএনপি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তাঁর এই বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়ার মুখে আট দিন পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ বিষয়ে ব্যাখ্যা দেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে মহান শহীদদের তালিকা ও পরিচিতি আজ পর্যন্ত সংরক্ষিত নেই। এ কারণে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বিভিন্ন শক্তি ও ব্যক্তির পক্ষ থেকে শহীদদের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য ও বিতর্ক উপস্থাপন করা হয়ে থাকে। বিভিন্ন গ্রন্থে শহীদদের বিভিন্ন রকম সংখ্যা উল্লেখ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন সে কথাই তুলে ধরেছেন। তিনি মহান শহীদদের পরিচিতি ও প্রকৃত সংখ্যা নিরূপণের প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করেছেন, যাতে তাঁদের উপযুক্ত সম্মান প্রদর্শন করা যায়। শহীদদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের প্রশ্নই আসে না।
ফখরুল ইসলাম বলেন, যারা মুক্তিযোদ্ধাদের তালিকা করেনি, বরং ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে এবং যারা প্রকৃত শহীদদের তালিকা ও পরিচিতি সংরক্ষণের মাধ্যমে তাঁদের সম্মানিত করতে চায় না, তারাই খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃত ব্যাখ্যা করে অপরাজনীতিতে মেতে উঠেছে। তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। মুক্তিযোদ্ধারা এই দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার উদ্দেশ্যে প্রথম মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র সংরক্ষণ প্রকল্প গ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে খালেদা জিয়া নিজেও তাঁর শিশুসন্তানদের নিয়ে দুঃসহ বন্দিজীবন কাটিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন।