খালেদার বক্তব্য পশ্চাদমুখী: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার বক্তব্য পশ্চাদমুখী, আগামীর কোনো ইঙ্গিত নেই। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল গণমাধ্যমে আশরাফের পক্ষে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ার একথা জানান।

সৈয়দ আশরাফের পক্ষে শাকিল বলেন, জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। দুঃখজনক হলেও সত্য, আজকের বক্তৃতায় প্রমাণিত হয়েছে বিরোধীদলীয় নেত্রী দেশকে পেছনে ফেলে দিতে চান। তাঁর এই বক্তব্যে ব্যক্তিগত বিদ্বেষের প্রতিফলন ঘটেছে। খালেদা জিয়ার বক্তব্য পশ্চাদমুখী, আগামীর কোনো ইঙ্গিত নেই। তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছিলেন। তাই বিএনপি নেত্রীর অসাংবিধানিক সরকারপ্রীতি নতুন কিছু নয়।

শাকিল বলেন, আগামীকাল কিংবা পরশু সৈয়দ আশরাফ আওয়ামী লীগের পক্ষ থেকে খালেদা জিয়ার নির্বাচনকালীন বিকল্প সরকারের প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

প্রস্তাব তত্ত্বাবধায়কের অনুরূপ

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের অনুরূপ। এতে নতুন কিছু নেই। সুতরাং তাঁর প্রস্তাব গ্রহণযোগ্য নয়। আজ সন্ধ্যায় রাজধানীর টিসিবি ভবনে খালেদার সংবাদ সম্মেলনের পরে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের কাছে খালেদা জিয়ার বক্তব্য শুনে অবাক লেগেছে। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তত্কালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া অভিযোগ তুলেছিলেন। তিনি ওই সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছিলেন। আর ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারও বিতর্কিত ছিল। তিনি (খালেদা জিয়া) বিতর্কিতদের নিয়ে আবার কোন বিতর্ক সৃষ্টি করতে চান।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে।’ তিনি বলেন, আজ খালেদা জিয়া অনেক ভালো ও শালীন ভাষায় কথা বলেছেন। কিন্তু ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন কতটা শালীনতার মধ্যে পড়ে? বিরোধীদলীয় নেত্রী তাঁর কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেছেন। কিন্তু তিনি কী কী ভুল করেছেন সেটা উল্লেখ করেননি।

হানিফ বলেন, এখনো সময় আছে। প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন—আশা করি, তারা তাতে ইতিবাচক সাড়া দেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতির প্রতি দায়বদ্ধতা থাকলে তারা আর সহিংসতা করবে না।

প্রস্তাব ষড়যন্ত্রমূলক

এদিকে ধানমন্ডিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, তাঁর (খালেদা জিয়া) এ বক্তব্য বা প্রস্তাব গণতন্ত্রকে সুসংহত করতে নয়, গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই। বিরোধী দলের নেতার এ প্রস্তাব ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘তাঁর বক্তব্যে নতুন কিছু নেই। তাঁরা আগ থেকে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি করে আসছেন, আজকে তা নতুনভাবে উপস্থাপন করেছেন। এটা সংবিধান সম্মত নয়, বহির্ভূত। এটার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করি না।’

প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

বিরোধীদলীয় নেত্রীর প্রস্তাবের বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই দলই আপত্তি ও কারচুপির অভিযোগ তুলেছেন। এ প্রস্তাব সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। সুতরাং খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রীর প্রস্তাবের মাধ্যমে আলোচনার পথ সুগম হবে বলে বিশ্বাস করেন।