খালেদার বক্তব্যে উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কয়েকটি সংগঠনের এই মোর্চা তাদের উদ্বেগের কথা জানায়। কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছি, গত ৫ অক্টোবর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে “দেশ বিভক্ত হয় যাবে” এ ধরনের বক্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য দেশের কোনো দায়িত্বশীল, শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকের জন্য কাম্য নয়।’সামাজিক প্রতিরোধ কমিটি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে এবং সমগ্র জাতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটির এই অবস্থান সমর্থন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বুলা ওসমান, ঝর্ণা দাশ পুরকায়স্থ, মাসুদা রেহানা বেগম, রেখা চৌধুরী, এডলিন মালাকার, মহিলা মুক্তিযোদ্ধা সংসদের মমতাজ বেগম, ফরিদা খানম, প্রিপ ট্রাস্টের শিরীন বানু, প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্রের লুৎফুন্নেসা হেলেন, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক শিরীন আখতার, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সৈয়দা লতিফা বানু, গণসাক্ষরতা অভিযানের মাহবুবা বেগম, মানুষের জন্য ফাউন্ডেশনের নাজরানা, স্টেপসের চন্দন কুমার লাহিড়ী, নারীমৈত্রীর মারুফা আক্তার ও হাছিনা আক্তার, কেয়ার বাংলাদেশের ইশরাত জাহান, একশন এইড বাংলাদেশের তাহমিনা হক, বাংলাদেশ মহিলা সমিতির মাজেদা শওকত আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সায়েরা খাতুন, আইন ও সালিশ কেন্দ্রের রওশন জাহান পারভীন এবং ব্র্যাকের চিররঞ্জন সরকার। বিজ্ঞপ্তি।