খালেদার বক্তব্যে সন্ত্রাসের আভাস পাচ্ছেন হানিফ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে ভবিষ্যতে বড় ধরনের চক্রান্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ সোমবার দুপুরে কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন। ‘সময়মতো নির্বাচন না দিলে, সরকারকে চরম মূল্য দিতে হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এ পর্যন্ত তাঁদের হাতে বহু ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এর পরও তাঁরা শান্ত হননি। খালেদা জিয়ার গতকালের হুমকিতে আবারও বড় ধরনের নাশকতা ও সন্ত্রাসের আভাস দিচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। মনে হচ্ছে, আগামী তিনি আবারও অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করবেন। কিন্তু আওয়ামী লীগের কাছে তাঁর হুমকি নিষ্ফলা ব্যক্তির আচরণ মাত্র।’
বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে চক্রান্ত হচ্ছে দাবি করে হানিফ বলেন, ‘আমরা আগে বলেছি, বিএনপির নেতাদের কিছু কিছু বক্তব্যের জন্য তাঁদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা দরকার। আবারও ১৫ আগস্ট আসবে কেন? তাঁরা এ-জাতীয় কোনো কাজে জড়িত আছেন বলেই এমন কথা বলছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান করেছি, তাঁদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।’
‘গোপালীকে ক্রেন দিয়ে ট্রেনে তুলতে হবে’—বিএনপির নেত্রীর এমন বক্তব্যের সমালোচনায় হানিফ বলেন, ‘এটা তাঁদের রাজনৈতিক ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমাদের কেন ক্রেন দিয়ে ট্রেনে তুলতে হবে। আমরা কি কোনো গর্তে পড়ে গেছি? অনেকে মনে করেছিলেন, নির্বাচন হবে না। নির্বাচন হয়ে গেছে। এ সরকার টিকবে না। এ সরকার টিকে গেছে। ইতিমধ্যে উন্নয়ন-সহযোগী দেশগুলো আমাদের স্বীকৃতি দিয়েছে। উন্নয়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সুতরাং সরকারকে নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাঁর সাম্প্রতিক বক্তব্য হতাশার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না।’