পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া কে নাস্তিক আর কে আস্তিক তা বলার অধিকার রাখেন না। তাঁর আশপাশের প্রকৃত নাস্তিকদের তিনি দেখতে পাচ্ছেন না। যাঁরা তাঁর বক্তৃতা-বিবৃতি লিখে দেন, তাঁদের মধ্যেই অনেকে প্রকৃত নাস্তিক।গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলক ও অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক দূত জাস্টিন লি বনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বনমন্ত্রী বলেন, খালেদা জিয়া প্রকৃত নাস্তিকদের বাদ দিয়ে আজ যারা রাজাকারের বিচার চাইছে, তাদের সমানে নাস্তিক বলে যাচ্ছেন। যে মানুষ কোনো দিন সূর্যোদয় আর ফজরের আজান কখন হয় দেখেন কিনা অনেকের সন্দেহ, তিনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য শিষ্টাচার বিবর্জিত আচরণ করে চলেছেন।হেফাজতে ইসলামের সমাবেশ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হেফাজতে ইসলাম মোটামুটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে। এ জন্য হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানাই। তবে হেফাজতের সমাবেশে ঢুকে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির যে পরিকল্পনা করেছিল, তা বাস্তবায়ন করতে না পারায় তারা হতাশ হয়েছে।’মন্ত্রী আরও বলেন, হেফাজতের দাবি অনুযায়ী সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি সংশোধন করা হয়েছে। কেউ ব্লগে মহানবী (সা.)সহ মুসলিমদের বিরুদ্ধে কটূক্তি করেছে কি না, তা তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়েছে, যেখানে দুজন আলেমকেও সম্পৃক্ত করা হয়েছে। কোরআন বা মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর উক্তি করলে আইনগতভাবে কী শাস্তি হতে পারে, সে বিষয়েও প্রচলিত আইন সম্পর্কে ইতিমধ্যে অবহিত করা হয়েছে এবং পরীক্ষা-নীরিক্ষা করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।