খালেদার বড়পুকুরিয়া মামলা বাতিল প্রশ্নে রুলের রায় ১৫ মার্চ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর ১৫ মার্চ রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে ছিলেন জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ‘১০ মার্চ রায় ঘোষণার জন্য আজ আবেদনটি কার্যতালিকায় আসে। শুনানিতে অংশ নেওয়ার জন্য সুযোগ চেয়ে সময়ের আবেদন করি। আদালত ১৫ মার্চ রায়ের দিন ধার্য করেছেন। আদালত বলেছেন, আবেদনকারী পক্ষ চাইলে ওই দিন শুনানি করতে পারবে।’
তবে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে আদালত ১০ মার্চ রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। আবেদনকারী পক্ষ সময়ের আবেদন করলে আদালত ১৫ মার্চ রায়ের দিন ধার্য করেন। আবেদনকারী পক্ষ চাইলে এর আগে যেকোনো দিন শুনানি করতে পারে।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম মামলাটি করেন। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। রুল শুনানির জন্য আবেদন করে দুদক । গত সপ্তাহে রুলের ওপর শুনানি হয়।