খালেদার বাসার সামনে জয়নুল আবদিনকে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে যাওয়ার পর দলটির চিফ হুইপ জয়নুল আবদিনকে আজ বুধবার দুপুরে গাড়ি থেকে নামার নির্দেশ দেয় পুলিশ। তবে পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করেন তিনি।

জয়নুল আবদিন ফারুককে আটকের চেষ্টা করা হয়েছিল কি না, জানতে চাইলে গুলশান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নূরে আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখানে যে কেউ আসতে পারবেন না। নিরাপত্তার বিষয়টি তো রয়েছেই। তিনি ভেতরে যাবেন কি না, সে বিষয়ে ভেতর থেকে অনুমতি আসার বিষয় আছে। উনি কেন এসেছিলেন, তা জানার জন্য তাঁকে গাড়ি থেকে নামতে বলা হয়েছিল। তবে তার আগেই তিনি গাড়ি নিয়ে দ্রুত গুলশান ২ নম্বরের দিকে চলে যান।’

আজ দুপুর সাড়ে ১২টার দিকে বারিধারা থেকে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে যান জয়নুল আবদিন ফারুক। তিনি খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের তল্লাশি চৌকির সামনে গাড়ি থামান। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি গাড়ি থেকে নামেন। নামার পর তিনি আবার গাড়িতে উঠে পড়েন। এ সময় জানতে চাওয়া হলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিস্থিতি দেখতে আমি এখানে এসেছি।’ প্রায় সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা তাঁর গাড়ির সামনে ও আরেকজন তাঁর গাড়ির পাশে দাঁড়িয়ে তাঁকে গাড়ি থেকে নামতে বলেন। এ সময় চালককে নির্দেশ দিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রথম আলো ডটকমকে জানান, জয়নুল আবদিন ফারুককে আটক করার ইচ্ছা ছিল না। তিনি কেন এসেছিলেন, তা জানার জন্যই গাড়ি থেকে নামতে বলা হয়েছিল।