বিএনপির নেতা ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান-২ নম্বরের বাসভবনের সামনে থেকে আটক করা হয়।
এদিকে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটকের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তাঁর সমর্থকেরা। আজ রাত সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন মনোহরদী উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক ও তাঁর সমর্থক আমিনুর রহমান দোলন।
গুলশান থানার অপারেশন অফিসার সোহেল রানা প্রথম আলো ডটকমকে জানান, খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করার সময় সাখাওয়াত হোসেন বকুলকে আটক করা হয়।
রাত আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণিকে চেয়ারপারসনের গুলশানের বাসায় যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। পরে পুলিশ সেখান থেকে তাঁকে সরিয়ে নেয়। এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নূরে অঅলম বলেন, তাঁকে আটক করা হয়নি। তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি খালেদা জিয়ার বাসায় যেতে চেয়েছিলেন।
এর আগে খালেদা জিয়ার বাড়ির সামনে যাওয়ার পর দলটির চিফ হুইপ জয়নুল আবদিনকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে আটকের চেষ্টা করে পুলিশ। নির্দেশ অমান্য করে গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করেন তিনি।
একইভাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান বেলা আড়াইটার দিকে খালেদা জিয়ার বাসভবনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে কর্তব্যরত পুলিশের কর্মকর্তা তাঁকে অপেক্ষা করার কথা বলেন। তবে কিছু সময় পর দ্রুত গাড়িতে করে চলে যান জেবা খান।