খালেদার সঙ্গে দেখা করলেন বিএনপিপন্থী শিক্ষকেরা

বিএনপির সমর্থক শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটিএবি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে।
আজ শনিবার রাত নয়টার দিকে ইউটিএবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার ও সাধারণ সম্পাদক তাহমিনা বেগমের নেতৃত্বে শিক্ষকদের দলটি বিরোধীদলীয় নেতা খালেদার বাসভবনে যায়। রাত সোয়া ১০টার দিকে তারা বেরিয়ে যায়। প্রতিনিধিদলের অপর চার সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, মোর্শেদ হাসান খান, মোজাদ্দেদ আল ফেসানি এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল আহমেদ।
খালেদার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় আ ফ ম ইউসুফ হায়দার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকদের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে থেকে দেখা করতে এসেছিলাম। খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়, দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার জন্য স্বচ্ছ, নিরপেক্ষ, সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন।’
শিক্ষকদের প্রতিনিধিদলটি বেরিয়ে যাওয়ার পরপরই চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম খালেদা জিয়ার বাসভবনে যান।
এর আগে বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না বলে দলটির পক্ষ থেকে জানানো হচ্ছিল। পাশাপাশি নয়াপল্টন ও গুলশানে বিএনপির কার্যালয়ের সামনেও পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সাদাপোশাকেও পুলিশ এসব স্থানের আশপাশে অবস্থান নিয়েছে। বিভিন্ন সংস্থার গোয়েন্দারা সেখানে আছেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।