খালেদার বাড়ি ইস্যু মোকাবিলা করা হবে রাজনৈতিকভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। কেননা, তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ রাজনৈতিক সিদ্ধান্তে দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল শনিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এ কথা বলেন। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কারামুক্তি উপলক্ষে কেন্দ্রীয় নেতারা কবরে ফুল দিতে যান। স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, প্রতিহিংসার রাজনীতির কারণে সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে চাইছে। তাই বিষয়টি মানবিকভাবে দেখার কোনো কারণ নেই। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে মানবিক কারণে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। খোন্দকার দেলোয়ার বলেন, খালেদা জিয়ার মধ্যরাত পর্যন্ত অফিস করা নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে অত্যন্ত সংকীর্ণতার পরিচয় দিয়েছেন। একটি দেশের প্রধানমন্ত্রীর কাছে এমন কথা আশা করা যায় না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কখন কোথায় যান, তা নিয়ে আমরা কোনো প্রশ্ন করি না। খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তাঁর চিন্তাভাবনা সংকীর্ণ।’ সমাবেশ: আজ ৭ নভেম্বর বিএনপি কেন্দ্রীয়ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে। এ উপলক্ষে আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। দিবসটি উপলক্ষে বিএনপি ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ৭ নভেম্বরের সমাবেশ করতে পল্টন ময়দান ও মুক্তাঙ্গনের জন্য আবেদন করা হলেও সরকার তা দেয়নি। ভাস্কর্য উদ্বোধন: জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার ভাস্কর্যটির উদ্বোধন করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইতিহাস থেকে জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না। যারা মুছতে চাইবে, তারাই একদিন ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।