খালেদা জিয়ার বাড়ির বিষয়ে সরকারের সমঝোতা করার কোনো সুযোগ নেই। কারণ হাইকোর্টের রায় অনুযায়ী তাঁকে সময়মতো বাড়ি ছেড়ে দিতে হবে। আইনের শাসন মানলে ওই বাড়িতে খালেদা জিয়ার থাকা উচিত নয়। সরকার এ বিষয়ে কিছু করতে পারে না।বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে গতকাল সোমবার আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং সরকারের একাধিক মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদে সরকারদলীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সেনানিবাসের বিশাল জায়গার ওপর রাজবাড়ি বানানো হয়েছে। রাজবাড়ি ছেড়ে আসতে খালেদা জিয়ার মন চাইছে না।খালেদা জিয়ার বাড়ির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর ওপর ছেড়ে দেওয়ার যে বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী দিয়েছেন, এর জন্যই তাঁকে গ্রেপ্তার করা যায় বলে দাবি করেন সাজেদা চৌধুরী। তিনি বলেন, সাকা চৌধুরী সেনাবাহিনীকে এ বিষয়ে জড়ানো এবং সরকারের সঙ্গে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপির নেত্রী বাড়ির বিষয়টি মীমাংসার জন্য আদালতে গেছেন। পছন্দমতো আদালতের বেঞ্চও পরিবর্তন করেছেন। আদালত ন্যায়বিচার করেছেন। এখন আপিল না করলে হাইকোর্টের রায় অনুযায়ী ৩০ দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে। আইনের শাসন মানলে বাড়ি না ছেড়ে পারবেন না খালেদা জিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বাড়িটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে। এটা তো এখন আর সরকারের বিষয় নয়। আমরা তো আপস করতে পারি না। এটা দুই ভাইয়ের সম্পদ নিয়ে বিরোধ নয় যে সমঝোতা করা হবে।’সৈয়দ আশরাফ সংবিধান সংশোধনের বিষয়ে বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে উপকমিটি কাজ করছে। কী কী বিষয় সংশোধন করা হবে, তা ঠিক করে সংসদে ভোটের জন্য উপস্থাপন করা হবে।বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর করার পাশাপাশি তাঁদের সহযোগীদের বিচারের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর সব দেশে খুনির সহযোগী এবং যাঁরা তাঁদের পুরস্কৃত করেন তাঁদেরও বিচার হয়। বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের যাঁরা সহযোগী ছিলেন, পুরস্কৃত করেছেন, দূতাবাসে মোটা বেতনে চাকরি দিয়েছেন, তাঁদেরও বিচার হতে হবে। তিনি সংসদের উপনেতা সাজেদা চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বিষয়টি গভীরভাবে ভেবে দেখার আহ্বান জানান।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তেই হবে। হাইকোর্টের রায় না মানলে কীভাবে তিনি দেশে থাকবেন? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মানুষ এত দিন জানত তারেক রহমান ও আরাফাত রহমান কোকো লোভী। কিন্তু এখন দেখা যাচ্ছে, খালেদা জিয়াও সম্পদের লোভী। এ জন্য সেনানিবাসের বিশাল বাড়ি ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছেন।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।