বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে দলীয় নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল সোমবার জাতীয় সংসদে এক সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সালাউদ্দিন তাঁর বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনীকে রাষ্ট্র ও সরকার থেকে আলাদা করে একটি বিশেষ গোত্রভুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু সেনাবাহিনী কখনোই বিশেষ কোনো গোত্র নয় বরং রাষ্ট্রেরই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, যে কারণে সালাউদ্দিনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। একই সঙ্গে আদালত অবমাননারও শামিল।প্রসঙ্গত, সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদন ১৩ অক্টোবর খারিজ করে দেন হাইকোর্ট। এ জন্য তাঁকে ৩০ দিন সময় দিতেও বলা হয়। এরপর গত রোববার সাকা চৌধুরী বলেন, বাড়িটি নিয়ে প্রধানমন্ত্রী কিংবা সরকারের মাথা ঘামানোর বিষয় নয়। এ নিয়ে রাজনীতিবিদদেরও বিতর্কে যাওয়া ঠিক নয়। খালেদা জিয়াকে বাড়িটি দেওয়া-নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর।এ প্রসঙ্গে সুরঞ্জিত আরও বলেন, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতাবলে মইনুল রোডের বাড়িটি সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী খালেদা জিয়াকে দেন। বিষয়টি সামরিক ভূমি পরিদপ্তরের বিধানের পরিপন্থী। ক্যান্টনমেন্টে তিন ধরনের ভূমি রয়েছে। বিধান অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভূমি কাউকে দেওয়ার সুযোগ থাকলেও প্রথম শ্রেণীর ভূমি দেওয়া সম্ভব নয়। খালেদা জিয়াকে যে বাড়িটি দেওয়া হয়েছে, সেটি প্রথম শ্রেণীভুক্ত।এই বিধানের বলেই সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তা খালেদা জিয়াকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তিন দফায় নোটিশ পাঠিয়েছিলেন বলে সুরঞ্জিত জানান। তিনি বলেন, এই নোটিশের জবাবে খালেদা জিয়া ২০০৯ সালের ২৭ মে আদালতে রিট আবেদন করেন। অথচ এখন তাঁরাই আদালতের রায়ের সমালোচনা করে বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করার কথা বলছেন।এই মামলা নিষ্পত্তির আগে বিএনপির নেতারা তিন দফায় আদালত পরিবর্তন করেছিলেন বলেও সুরঞ্জিত জানান। তিনি বলেন, এখন খালেদা জিয়া ৩০ বছরের ভাড়া পরিশোধের মাধ্যমে বাড়িটি ছেড়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।