খালেদার বাড়িতে সেনা পরিবারের পুনর্বাসন ‘গরু মেরে চামড়া দান’: দেলোয়ার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনাসদস্যদের পরিবারকে পুনর্বাসন করতে চায় সরকার। সেটা করা হলে তা হবে ‘গরু মেরে চামড়া দানের’ মতো ঘটনা।৭ নভেম্বর উপলক্ষে গতকাল সোমবার সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ মন্তব্য করেন।জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, জেলহত্যার সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে। মামলার এজাহার, অভিযোগপত্রসহ কোনো কিছুতেই জিয়ার নাম নেই। তার পরও অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের এই রাজনীতি কোনোভাবেই জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না।খোন্দকার দেলোয়ার বলেন, ‘যে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-বিদ্যুৎ-জ্বালানির সমস্যা; সেখানে প্রধানমন্ত্রীর ঘুম হওয়ার কথা নয়। অথচ প্রধানমন্ত্রী দেশের সমস্যার সমাধান না করে খালেদা জিয়ার সমালোচনায় ব্যস্ত।’ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।কৃষক দলের আলোচনা সভা: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায়ও প্রধান অতিথি ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেন। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন।জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর: জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর গতকাল প্রেসক্লাবে ‘শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ঈদের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনে রূপ নেবে।