খালেদা জিয়ার বাড়ির মামলার রায় পক্ষে নেওয়ার জন্য সরকারদলীয় ব্যক্তিরা বিচারকদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল রোববার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তাঁর দাবি, প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনাও সরকারের সাজানো।বিএনপির মহাসচিব বলেন, ‘ককটেল হামলা হয়েছে রাত সাড়ে ৮টায়। থানায় ১১৯৬ নম্বর জিডি করা হয়েছে রাত ৯টায়। স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, পুলিশের আইজি, র্যা বের মহাপরিচালক সেখানে ৯টার আগেই পৌঁছে যান। তাঁরা আশপাশে কোথাও একসঙ্গে বসে ছিলেন। ঘটনা ঘটিয়েই সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে চলে যান। এতে প্রমাণ হয়, ঘটনাটি ছিল সাজানো নাটক।’খোন্দকার দেলোয়ার বলেন, সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করতে ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। এই নাটক সাজিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করতে চাচ্ছে। তিনি অভিযোগ করেন, ভিআইপিদের যথাযথ নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। শুধু প্রধান বিচারপতিই নন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা নিয়েও সরকার উদাসীন। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।