খালেদার বিরুদ্ধে আজও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে করা মামলায় আজ বৃহস্পতিবারও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ।

পুলিশকে আগামী ২৩ মার্চের মধ্যে ওই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে আদালত পুলিশকে ১৪ দফা সময় দিলেন।

আজ এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। শাহবাগ থানা-পুলিশ আজও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। এরপর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন।

মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, আজকের আগে আদালত ১৩ দফায় তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি ধর্মীয় প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের বিরুদ্ধে কটূক্তিপূর্ণ মন্তব্য করেন।

খালেদা জিয়ার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একই বছরের ২১ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে মামলা হয়। মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। অভিযোগের বিষয়ে তদন্ত করে শাহবাগ থানার পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।