খালেদার বিরুদ্ধে আজকেও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ
বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধের সহিংস হামলায় ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা হত্যা মামলায় আজ সোমবারও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। আজ এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন আগামী ১৩ অক্টোবর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে গুলশান থানা-পুলিশকে নির্দেশ দেন। এর আগে ২৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল।
এ মামলার অন্য আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন। এই অভিযোগে ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি করেন।
আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।