খালেদার বিরুদ্ধে গ্যাটকো মামলা প্রশ্নে রুলের শুনানি ৯ ফেব্রুয়ারি
গ্যাটকো দুর্নীতির মামলার বৈধতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের ওপর শুনানি শুরু হচ্ছে। ৯ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।
রুল শুনানির দিন ধার্যের জন্য গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে হাইকোর্টে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি। ২৮ জানুয়ারি বিষয়টি কার্যতালিকায় আসে। ওই দিন আদালত দিন ধার্যের জন্য বিষয়টি ৪ ফেব্রুয়ারি তালিকায় আসবে বলেন। ওই মামলা নিয়ে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে রুল শুনানির জন্য আবেদন জানায় দুদক। গতকাল বিষয় দুটি কার্যতালিকায় আসে।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, গ্যাটকো মামলা নিয়ে খালেদা জিয়ার করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দিয়েছিলেন। দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে রুল শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আইনজীবী সূত্র জানায়, ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কাজ গ্যাটকোকে দেওয়ায় আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় ওই মামলা করে। ওই মামলা জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে আরেকটি আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০০৮ সালের ১৭ জুলাই হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন।