খালেদার বিরুদ্ধে গ্যাটকো মামলায় নতুন আইনজীবী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতির মামলায় নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থার প্যানেল আইনজীবী খুরশিদ আলমকে মামলার আইনজীবী নিযুক্ত করা হয়।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এ মামলায় দুদকের আইনজীবী আনিসুল হক আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে মামলাটির আইনজীবীর পদ শূন্য ছিল।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকো কোম্পানিকে পাইয়ে দিয়ে সরকারের ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলা করে দুদক। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন।
দুদকের আবেদন: গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের পরিপ্রেক্ষিতে রুল শুনানির জন্য উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রুল শুনানির দিন নির্ধারণের জন্য গতকাল মঙ্গলবার হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, গ্যাটকো মামলায় খালেদা জিয়ার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছেন। এই রুল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করা হয়। আশা করি, দিন ধার্যের জন্য বিষয়টি বুধবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে।
আইনজীবী সূত্র জানায়, ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কাজ গ্যাটকোকে দেওয়ায় আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় ওই মামলা করে।