খালেদার বিরুদ্ধে দুর্নীতির মামলার পরবর্তী কার্যক্রম ২৭ আগস্ট
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ২৭ আগস্ট ধার্য করেছেন আদালত।
আজ সোমবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে। দুই মামলারই অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মামলার ধার্য দিনে আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় দুই মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে চারটি আবেদন করেন।
খালেদা জিয়ার আদালতে হাজির হতে না পারার জন্য সময় চেয়ে দুটি আবেদন করা হয়। এ প্রসঙ্গে তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাঁর চোখে সমস্যা। চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন। এ কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি।
এ বিষয়ে আদালত বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হলে তা গ্রহণ করা হবে।
খালেদা জিয়ার পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য একটি আবেদন করা হয়। এ বিষয়ে আদালতে মাহবুব উদ্দিন খোকন বলেন, এই মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজ হয়েছে। এর বিরুদ্ধে আপিল করা হবে। কিন্তু রায়ের প্রত্যায়িত অনুলিপি না পাওয়ায় তাঁরা আবেদন করতে পারছেন না। এ জন্য ওই মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করতে আবেদন করা হয়েছে।
এই আবেদনটি বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।
এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি জিয়াউল হক ওরফে মুন্না ও মনিরুল ইসলাম খানের আইনজীবীরা মামলার বাদী ও সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদকে জেরা করতে সময়ের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করায় জিয়াউল হকের পক্ষে তাঁর আইনজীবী মামলার সাক্ষীকে জেরা শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে এই জেরা চলে।
একই মামলার আরেক আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে তাঁর আইনজীবী আদালতে ফের সময় প্রার্থনা করেন। এরপর আদালত মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ২৭ আগস্ট ধার্য করেন।
এ সময় রাষ্ট্র পক্ষের আইনজীবীরা আদালতে একটি আবেদন দেওয়া হয়। এতে বলা হয়, মামলার আসামি জিয়াউল হক যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পেয়েছেন। তিনি এ মামলার কার্যক্রম শেষ হওয়ার আগেই তিনি বিদেশে চলে যেতে পারেন।
এই আবেদনের বিষয়ে পরবর্তী শুনানির তারিখে আদেশের দিন ধার্য করেন আদালত।
একই সঙ্গে ২৭ আগস্টের আগে জিয়াউল হক যাতে দেশ ত্যাগ করতে না পারেন, এ জন্য ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন আদালত।
বেলা দেড়টার দিকে আদালতের আজকের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। পরে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার কার্যক্রম বন্ধ চেয়ে আসামিপক্ষের আবেদন আদালত নথিভুক্ত করে রেখেছেন। পরবর্তী তারিখে সব আসামির উপস্থিতিতে এ মামলার কার্যক্রম চলবে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।