খালেদার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলায় স্থগিতাদেশ বাড়ল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ছয় মাস বাড়িয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে গতকাল খালেদা জিয়ার পক্ষে আবেদন করেন আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন। শুনানি শেষে আদালত আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাস বাড়িয়েছেন আদালত। তবে এ মামলাসহ গ্যাটকো ও নাইকো দুর্নীতির মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা চারটি আবেদনের ওপর শুনানি হবে। গতকাল অবশ্য এসব আবেদনের ওপর শুনানি হয়নি।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৫ এপ্রিল বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায়ের দিন ধার্য ছিল। আদালত রায় না দিয়ে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠান। গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা তিনটি আবেদনও প্রধান বিচারপতির কাছে পাঠান আদালত। গত বুধবার প্রধান বিচারপতি এ চারটি আবেদনই হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য পাঠান।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক।