খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৮ নভেম্বর এ বিষয়ক পরবর্তী শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন। এর আগে খালেদা জিয়ার পক্ষে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ প্রথম আলোকে বলেন, ‘ম্যাডাম অসুস্থ থাকায় তাঁর পক্ষে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত পরবর্তী শুনানির জন্য ৮ নভেম্বর দিন ঠিক করেছেন।’
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে চলতি বছরের ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করেন। গত ১০ আগস্ট আদালতে হাজির হয়ে এই মামলায় জামিন নেন খালেদা জিয়া।