রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় সমন জারি-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বার্তাবাহক (জারিকারক) জাবিদ হোসেন এ প্রতিবেদন দাখিল করেন।
গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ এ মামলা করেন। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদেরও সদস্য। আদালত মামলাটি আমলে নিয়ে ৩ মার্চ খালেদা জিয়াকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
গতকাল আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আদেশ মোতাবেক ২৬ জানুয়ারি বেলা একটার দিকে বার্তাবাহক (জারিকারক) জাবিদ হোসেন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সমন নিয়ে যান। তিনি খালেদা জিয়ার বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিচয় দিয়ে সমনের বিষয় জানান। তাঁরা তাঁকে জানান, খালেদা জিয়া ঘুমিয়ে আছেন, বাইরে অপেক্ষা করতে হবে। পরে বিকেল পাঁচটার দিকে জানানো হয়, কেউ সমন গ্রহণ করবেন না। পরে তিনি বাসার সদর দরজায় সমন টাঙিয়ে দেন।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’