খালেদার বিরুদ্ধে সমন জারির প্রতিবেদন দাখিল

রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় সমন জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই প্রতিবেদন দাখিল করা হয়।
গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ এই মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ৩ মার্চ খালেদা জিয়াকে হাজির হতে সমন জারি করেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, আদালতের আদেশ মোতাবেক পরদিন প্রসেস সার্ভেয়ার জাবিদ হোসেন খালেদা জিয়ার প্রতি সমন জারি করতে যান। কিন্তু খালেদা জিয়ার পক্ষে কেউ সমন গ্রহণ করতে রাজি হননি। পরে বাসার সদর দরজায় সমন জারির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।