খালেদার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ফের পেছাল
রাষ্ট্রদ্রোহসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। ২৫ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন।
এই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি মামলায় স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বাকিগুলো শুনানির অপেক্ষায়। পরে আদালত শুনানির নতুন এ তারিখ ধার্য করেন।
এর আগে গত ১৪ মার্চ নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করেছেন আদালত। ২৮ মার্চ এসব মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছিল। এসব মামলার শুনানিতে সেদিন খালেদা জিয়ার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। হঠাৎ অসুস্থবোধ করায় তিনি নির্ধারিত সময়ে আদালতে যাননি। তাঁর পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে আজকের দিন ধার্য করেছিলেন।
এই ১১টি মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় আটটি, যাত্রাবাড়ী থানায় দুটি ও আদালতে রাষ্ট্রদ্রোহের একটি মামলা।