খালেদার ব্যাংক হিসাব খুলে দিন: বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য এই সরকার খালেদা জিয়াকে তাঁর বসতবাড়ি থেকে উচ্ছেদ করেছে। তাই তাঁকে বাধ্য হয়েই ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। বাড়িভাড়া পরিশোধের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজনে, ২০১১ সালের জানুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি আবেদন করা হয়। কিন্তু তাঁর ব্যাংক হিসাব খুলে দেওয়ার ওই আবেদন আজও অনুমোদিত হয়নি। আমরা অবিলম্বে অন্যায় ও বেআইনিভাবে জব্দ রাখা দেশনেত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
নজরুল ইসলামের মতে, গত অবৈধ ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাঁর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের আগেই শেখ হাসিনার ব্যাংক হিসাব ওই সরকার খুলে দিলেও খালেদা জিয়ার ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, খালেদা জিয়ার সব ব্যাংক হিসাবের লেনদেন সরকারি আদেশে প্রায় সাত বছর ধরে বন্ধ রয়েছে। তাই কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের একজন বিশিষ্ট নাগরিককে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য দুঃখ প্রকাশ করার পরিবর্তে সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও সরকারি দলের নেতা-নেত্রীরা মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এবং জাতীয় সংসদে প্রাসঙ্গিক বিষয়ে ষড়যন্ত্র খোঁজার পাশাপাশি অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সরকার ষড়যন্ত্র নামক দুরারোগ্য রোগে ভুগছে বলে মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে সংসদে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারি দলের নেতারা যেসব মিথ্যা, অপ্রাসঙ্গিক, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করেছেন, তার নিন্দা জানানোর কোনো শোভন ভাষা আমাদের জানা নেই। গতকাল সংসদে দেওয়া বক্তৃতার জন্য ওই ব্যক্তিরা জনগণের ঘৃণা ও সমালোচনা ছাড়া আর কিছুই অর্জন করেননি।’