খালেদার ভারত সফর সম্পর্কে সময়মতো জানানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া ভারত সফর করতেই পারেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, তখন তিনিও ভারত সফর করেছিলেন। তবে খালেদা জিয়া ভারত সফরকালে সেখানে কী প্রতিশ্রুতি দিচ্ছেন, তা আমাদের জানা আছে। সময়মতো সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।’গতকাল শনিবার বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের শহীদ ও জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ। খালেদা জিয়ার ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ আরও বলেন, বেগম জিয়ার ভারত সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাঁর এ সফর নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। খালেদা জিয়া ভারত সফরকালে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবসের আলোচনায় সৈয়দ আশরাফ খালেদা জিয়ার ভারত সফরের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের সম্পর্ক থাকতে পারে। দেশের সঙ্গে যেমন দেশের সম্পর্ক হয়, তেমনি দলের সঙ্গে দলের সম্পর্ক হয়। বঙ্গবন্ধুর আমল থেকেই আওয়ামী লীগ বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে।’