টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ
খালেদার ভূমিকা জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি উদ্ভট: বিএনপি
টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিষয়ে খালেদা জিয়ার অতীত ভূমিকার ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ভট ও উদ্বেগজনক বলে দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে আওয়ামী প্রতিষ্ঠানে পরিণত করার যে অভিযান চালিয়ে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিনব ব্যাখ্যা চাওয়ার মধ্য দিয়ে আবারও তা প্রমাণ হলো।’ গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ‘পঞ্চম বাহিনীর এজেন্ট’ দাবি করে তাদের এই ধৃষ্টতাপূর্ণ ব্যাখ্যা চাওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান। ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘বিরোধীদলীয় নেত্রীর নিজের ভারত সফরকালে টিপাইমুখ ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি ভারতীয় নেতৃবৃন্দের নিকট ব্যক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা একেবারেই উত্থাপন করেননি কেন? তাঁর মতে, টিপাইমুখ বাঁধের ফলে বাংলাদেশ যদি এতই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এটি নির্মাণ করা থেকে ভারত বিরত থাকবে, এই মর্মে ভারতের নিকট হতে বাধ্যবাধকতাপূর্ণ একটি অঙ্গীকার তিনি সে সময় আদায় করেননি কেন—বিষয়গুলো অনুগ্রহপূর্বক একটু স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করবেন কি?’সরকারি একটি দপ্তর প্রধান বিরোধী দলের নেত্রীর কাছে এ বিষয়ে এভাবে ব্যাখ্যা চাইতে পারে কি না, এ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি।