খালেদার মতিভ্রম হয়েছে: নাসিম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে, তাদের বিরুদ্ধে যখন দেশ বিক্রির অভিযোগ করা হয়, তখন সেটি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
গতকাল সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মুজিবনগর সরকার দিবস উদ্যাপন কমিটির প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
মুজিবনগর দিবসের কর্মসূচি
সংবাদ সম্মেলনে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মোহাম্মদ নাসিম। এর মধ্যে ১৭ এপ্রিল ভোরে বঙ্গবন্ধু ভবন, দলীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। বেলা তিনটায় মুজিবনগরে সমাবেশ। ১৮ এপ্রিল বেলা তিনটায় রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি থাকার কথা রয়েছে।