খালেদার দুর্নীতি মামলার বিচারক বদলি
ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলে যাচ্ছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (মতামত) দায়িত্বে থাকা আবু আহমেদ জমাদার।
এই আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিচারকার্যক্রম চলছে। শুরু থেকে এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আসছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রথম আলোকে এ বিষয়ে আদেশ জারির কথা জানান।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
গত ১৯ মার্চ ওই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। দুটি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ২৩ এপ্রিল খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
পরে ওই দুটি মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে পৃথক রিট করেন খালেদা জিয়া। মামলা দুটির বিচারকাজ চলছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ। ৭ মে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে একটি একক বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ১৯ জুন বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ রিট খারিজ করে দেন। বর্তমানে বিশেষ জজ আদালত-৩-এ মামলা দুটির কার্যক্রম চলছে।
আরও পড়তে ক্লিক করুন