খালেদার মামলা বাতিল আবেদনের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আজ বুধবার রায় দেওয়ার কথা। গতকাল মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের (দুুদক) পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান। মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার দুইটায় রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন আদালত। ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি করে দুদক। মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। রুলের চূড়ান্ত শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ছিল। এই আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কার আবেদন করলে ৩০ নভেম্বর তা খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন করেন। গত মঙ্গলবার আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।